যুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত

পাইলটসহ নিহত ১২, বাঁচেনি কেউ !

সোমবার, জুন ১৫, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে স্কাইডাইভিং অভিযানে ব্যবহৃত একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১২ জন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি একটি মাঠে আছড়ে পড়ে আগুনে পুড়ে যায়।

বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন জানান, বিমানটিতে থাকা সবাই ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের কয়েকজনের স্বজন দুর্ঘটনার দৃশ্য প্রত্যক্ষ করেছেন। প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, ব্যক্তিমালিকানাধীন এক ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ বিমানটি পরিচালনা করছিল স্কাইডাইভ কানসাস সিটি। বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ডেনিস জ্যাকবসের ধারণা, উড্ডয়নের পর বিমানটি শক্তি হারিয়ে ফেলে। পাইলট জরুরি অবতরণের চেষ্টা করলেও নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি নাক বরাবর মাটিতে আঘাত করে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

দুর্ঘটনার পর ধ্বংসাবশেষ মাঠজুড়ে ছড়িয়ে পড়ে। উদ্ধারকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব নয়। নিহতদের পরিচয় শনাক্ত ও স্বজনদের অবহিত করার কাজ চলমান রয়েছে।