রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জামালপুরের দুই তরুণ নিহত

সোমবার, জুন ১৫, ২০২৬

নিজ সংবাদ:

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে রাশিয়ায় গিয়ে শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানে প্রাণ হারিয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই যুবক। ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হয়েছেন চর গুজামানিকা গ্রামের মাফল মিয়া (২৪) ও রায়েরছড়া গ্রামের মো. আরিফ মিয়া (৩০)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে রাজমিস্ত্রির কাজের আশায় এক দালালের মাধ্যমে রাশিয়ায় যান তারা। তবে সেখানে পৌঁছানোর পর প্রতিশ্রুত কাজ না দিয়ে তাদের রুশ সেনাবাহিনীতে যুক্ত করা হয়। পরে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিতে বাধ্য হন তারা। সম্প্রতি পৃথক স্থানে ড্রোন হামলায় দুজনই নিহত হন।

প্রথমে বিষয়টি গোপন রাখা হলেও রাশিয়ায় অবস্থানরত এক বাংলাদেশি প্রবাসীর মাধ্যমে পরিবারগুলো মৃত্যুর খবর নিশ্চিত হয়। এরপর থেকেই নিহতদের বাড়িতে স্বজন ও এলাকাবাসীর ভিড় বাড়তে থাকে। মাফল মিয়ার বড় বোন কণিকা আক্তার বলেন, অভাবের সংসারের হাল ধরতেই তার ভাই বিদেশে গিয়েছিল। কিন্তু কাজের বদলে তাকে যুদ্ধে পাঠানো হয়। তিনি সরকারের কাছে ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন জানান, আরিফ মিয়া আগে আনসার বাহিনীতে চাকরি করতেন। ভালো আয়ের আশায় বিদেশে গেলেও দালালদের প্রতারণার শিকার হন তিনি।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হবে।