সীমান্তে অবৈধ পুশইনের প্রতিবাদে কুষ্টিয়ায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

শনিবার, জুন ১৩, ২০২৬

 

শফিকুর রহমান \ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া শহরের পৌরসভার সামনে সীমান্তে অবৈধ পুশইনের বিরুদ্ধে সরব বিক্ষোভ করেছে ১১ দলীয় জোট। গতকাল শুক্রবার (১২ জুন) বিকালে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা পৌরসভা চত্বরে জড়ো হন। সমাবেশে বক্তারা অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দেন। ছোট কর্মসূচিতে দাবি আদায় না হলে সীমান্তে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তাঁরা। কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম রবিন বলেন, “সারা বাংলাদেশে ভারত কর্তৃক অবৈধ পুশইন ও ভারতে মুসলমানদের ওপর নির্যাতন অবিলম্বে বন্ধ না করলে বাংলাদেশ কঠোর পদক্ষেপ নেবে।” কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। কারও তাঁবেদারি করবে না, কারও অবৈধ হস্তক্ষেপও মেনে নেবে না।” খেলাফত মজলিসের নেতা ইব্রাহিম খলিল বলেন, “ভারতকে আমরা বন্ধু মনে করি। কিন্তু তারা যদি আমাদের সঙ্গে জোরপূর্বক অন্যায় করে, তাহলে আমরা চুপ করে থাকব না।” কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার বলেন, “ভারতের অবৈধ কর্মকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত দেশব্যাপী ১১ দলীয় জোটের কর্মসূচি চলবে।” জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী মুহসিন বলেন, “সরকারের সদিচ্ছা থাকলে জনগণ সর্বাত্মক সহযোগিতা করবে। অন্যথায় জনগণ সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবে।” খেলাফত মজলিস কেন্দ্রীয় নেতা সিরাজুল হক বলেন, “প্রথমে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে আমরা ঐক্যবদ্ধ।” বিক্ষোভে নেতা-কর্মীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বক্তারা কূটনৈতিক সম্পর্ক জোরদার ও পররাষ্ট্রনীতি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।