তরিকুল ইসলাম \ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুষ্টিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক কমিটি—সনাক। গতকাল বুধবার (১০ জুন) শহরের পাঁচ রাস্তার মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে সনাকের সদস্য, তরুণ স্বেচ্ছাসেবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা জোর দিয়ে বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি প্রত্যেক নাগরিকের সমান দায়িত্ব। জলবায়ু পরিবর্তন, নদী দূষণ, বৃক্ষ নিধন ও প্লাস্টিক বর্জ্যের কারণে পরিবেশ এখন মারাত্মক হুমকির সম্মুখীন। তাই বৃক্ষরোপণ, নদী-জলাশয় সংরক্ষণসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। সনাক কুষ্টিয়ার সভাপতি আসমা আনসারী মিরু বলেন, “গ্রীষ্ম মানেই গরম আর শীত মানেই ঠান্ডা—এই চিরচেনা স্বাভাবিক রূপ যখন অচেনা হয়ে যায়, তখন বুঝতে হবে আমাদের কোথাও ভুল হচ্ছে। গাছ কাটতে কাটতে আমরা শতবর্ষী গাছগুলোও কেটে ফেলেছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় নতুন করে ভাবতে হবে এবং নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে।” সনাক সদস্য তহমিনা চৌধুরী জনসংখ্যা বৃদ্ধি ও বৈশ্বিক উষ্ণায়নের বিষয়ে সতর্ক করে বলেন, এসব বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আরেক সদস্য রফিকুল আলম টুকু আজারবাইজানের বাকু সম্মেলনের নির্দেশনা উল্লেখ করে বলেন, টিআইবির নোট অনুসারে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব স্পষ্ট। সুপারিশ ও নীতিমালা বাস্তবায়ন করলে পরিবেশে ইতিবাচক পরিবর্তন সম্ভব। শিক্ষার্থী ইয়ামিন আলী খান বলেন, “পরিবেশ বাঁচাতে কার্বন নিঃসরণ কমাতে হবে, অক্সিজেন বাড়াতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করাসহ সরকারি উদ্যোগ আরও জোরদার করতে হবে।” মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির স্লোগান দেন এবং সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
