নিজ সংবাদ:
বিএনপি নেতা রাশেদ খান আসিফ মাহমুদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করেছেন। রোববার (৩১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব দাবি করেন।
পোস্টে রাশেদ খান দাবি করেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় জামায়াতের আমির স্বয়ং ঢাকা-১০ আসন ছাড়তে রাজি হননি। তিনি বলেন, বিষয়টি নিয়ে সাংবাদিকরা জামায়াত আমিরকে প্রশ্ন করলে প্রকৃত তথ্য জানা যেতে পারে। তার ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ের অনেকেই অবগত।
তিনি আরও দাবি করেন, একটি সূত্র ধরে তিনি আসিফ মাহমুদ ও তার এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে দুর্নীতির তথ্য পেয়েছিলেন এবং বিষয়টি একজন উপদেষ্টার সঙ্গেও আলোচনা করেছিলেন।
রাশেদ খান তার পোস্টে তথাকথিত ‘ডিসি কেলেঙ্কারি’ প্রসঙ্গও উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, এ ঘটনায় এনসিপির কয়েকজন নেতা জড়িত ছিলেন এবং এ বিষয়ে তিনি বিভিন্ন সূত্র থেকে তথ্য পেয়েছেন।
এছাড়া এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধেও অভিযোগ তোলেন বিএনপির এই নেতা। তিনি দাবি করেন, প্রশাসনিক নিয়োগ ও আর্থিক লেনদেনের বিভিন্ন বিষয়ে পাটওয়ারীর প্রভাব ছিল এবং এসব কার্যক্রমের মাধ্যমে অর্জিত অর্থ এনসিপির কাছে পৌঁছাত।
পোস্টে সারজিস আলমকে ঘিরে পূর্বে আলোচিত একটি অর্থ লেনদেনের অভিযোগের কথাও উল্লেখ করেন রাশেদ খান। একই সঙ্গে তিনি বলেন, এনসিপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন নয় এবং এ বিষয়ে দলটির পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।
তবে রাশেদ খানের এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
