নিজ সংবাদ:
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের প্রত্যাশা এখন বিএনপির প্রতি অনেক বেশি। সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, তাই সবাইকে দায়িত্বশীলতা ও সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। তিনি সতর্ক করে বলেন, “এই গুরুত্বপূর্ণ সময়ে হেসেখেলে চললে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের বড় ক্ষতি হতে পারে।”
রোববার (৩১ মে) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারেক রহমান বলেন, জিয়াউর রহমান পরিকল্পিতভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে পথনির্দেশনা দিয়েছিলেন, বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা অনুসরণ করছে। তিনি মনে করেন, শুধু মন্ত্রীদের পরিশ্রমে সরকারের সফলতা আসবে না; দলের সব পর্যায়ের নেতাকর্মী ও অঙ্গসংগঠনকে সক্রিয়ভাবে সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে মানুষের যে প্রত্যাশা ছিল, তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। গত ১৭ বছরে বিচারব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে যে ইশতেহার বিএনপির ছিল, এখন তা জনগণের ইশতেহার। জনগণের দেওয়া রায়ের মর্যাদা রাখতে হলে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনের ভিত্তিতেই বিএনপি সরকার দেশ পরিচালনা করছে এবং ভবিষ্যতেও করবে বলেও তিনি উল্লেখ করেন।
