নেইমারের গায়ে ফের ১০ নম্বর জার্সি

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

ফিটনেস ও সাম্প্রতিক ফর্ম নিয়ে নানা প্রশ্ন থাকলেও ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। নতুন কোচ কার্লো আনচেলত্তি তাকে আবারও দলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি তুলে দিয়েছেন, যা ব্রাজিল ফুটবলে বিশেষ মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত।

আনচেলত্তির দায়িত্ব গ্রহণের পর প্রথমদিকে জাতীয় দলে সুযোগ না পেলেও বিশ্বকাপের জন্য ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে ফিরেছেন নেইমার। তার অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি পরেছিলেন রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়র। তবে এবার ভিনিসিউস খেলবেন ৭ নম্বর জার্সি পরে।

আক্রমণভাগে ৯ নম্বর জার্সি পেয়েছেন ম্যাথুস কুনহা এবং ১১ নম্বর জার্সি পরবেন রাফিনহা। গোলরক্ষক অ্যালিসনের হাতে থাকছে ১ নম্বর জার্সি। এছাড়া ওয়েসলি (২), গ্যাব্রিয়েল মাগালহায়েস (৩), মারকুইনিওস (৪), কাসেমিরো (৫) ও অ্যালেক্স সান্দ্রো (৬) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে ব্রাজিল। আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে। এরপর ২০ জুন হাইতি এবং ২৫ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

বিশ্বকাপ মিশনের আগে প্রস্তুতি ম্যাচে রোববার রাতে পানামা এবং ৭ জুন মিশরের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নেইমারের প্রত্যাবর্তন এবং ১০ নম্বর জার্সি ফিরে পাওয়া ব্রাজিল সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।