কুষ্টিয়ায় হামের উপসর্গে বৃদ্ধার মৃত্যু

চার মাসে প্রাণ গেল ১৩ জনের

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে সুফিয়া খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) রাতে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে চলতি বছরের প্রথম চার মাসে জেলায় হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।

মৃত সুফিয়া খাতুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৯ মে) জ্বর, সর্দি-কাশি ও হামের উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার রাতে তার মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছরে হামের উপসর্গে মারা যাওয়া ১৩ জনের মধ্যে ১২ জন শিশু এবং একজন বৃদ্ধা রয়েছেন। জেলায় সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাসরিন জানান, হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১ হাজার ৫৯৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৫২৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একই সময়ে ১৪ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬৮ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা জোরদার করেছে এবং শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।