আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল এন. এস. রাজা সুব্রামানি। দায়িত্ব গ্রহণের পর তিনি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা, দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন এবং সামরিক আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত হয়েছেন। শনিবার (৩০ মে) মেয়াদ পূর্ণ হওয়ার পর জেনারেল চৌহান দায়িত্ব হস্তান্তর করেন। এর মধ্য দিয়ে ভারতের সর্বোচ্চ সামরিক নেতৃত্বের নতুন অধ্যায়ের সূচনা হলো।
দীর্ঘ সামরিক জীবনে গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করা রাজা সুব্রামানি এর আগে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েটের সামরিক উপদেষ্টা এবং ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছরের জুলাইয়ে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন।
দায়িত্ব গ্রহণের পর এক বিবৃতিতে তিনি বলেন, সশস্ত্র বাহিনীর রূপান্তর, তিন বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং যৌথ অপারেশনাল সক্ষমতা উন্নয়নই হবে তার প্রধান লক্ষ্য। পাশাপাশি দেশীয় অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন, উৎপাদন এবং ব্যবহারে আরও গতি আনা হবে।
তিনি বলেন, ভারতের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সবসময় প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও একই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
চার দশকের বেশি সময়ের সামরিক অভিজ্ঞতা সম্পন্ন জেনারেল সুব্রামানি জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে নেতৃত্ব দিয়েছেন। সিডিএস হিসেবে তার অন্যতম প্রধান দায়িত্ব হবে সমন্বিত সামরিক কমান্ড বা ‘থিয়েটারাইজেশন’ মডেল বাস্তবায়নের মাধ্যমে তিন বাহিনীর কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকর করে তোলা।
