‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ বিতর্কের পর চিড়িয়াখানার কিউরেটর বদলি

ট্রাম্পের নামের বানান ভুল!

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষিত আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে ঘিরে সৃষ্টি হওয়া বিতর্কের পর চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে বদলি করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শুধু নামের বানান ভুল নয়, সরকারি প্রতিষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে একটি প্রাণীর পরিচিতি প্রদর্শন এবং পরে সেটির ভুল উপস্থাপন প্রশাসনিকভাবে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। বিষয়টি উচ্চপর্যায়ে আলোচনায় এলে সংশ্লিষ্ট কর্মকর্তার বদলির সিদ্ধান্ত নেওয়া হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে ডা. মো. আতিকুর রহমানকে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সমমান) পদে বদলি করে লিভ, ডেপুটেশন অ্যান্ড ট্রেনিং রিজার্ভ (এলডিটিআর) পদে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ডা. মো. হাবিবুর রহমানকে জাতীয় চিড়িয়াখানার নতুন কিউরেটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঈদুল আজহার আগে প্রায় ৭০০ কেজি ওজনের গোলাপি-সাদা রঙের অ্যালবিনো মহিষটি ব্যাপক আলোচনায় আসে। এর ব্যতিক্রমী শারীরিক বৈশিষ্ট্যের কারণে খামারিরা মহিষটির নাম দেন ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে সরকার প্রাণীটিকে সংরক্ষণের উদ্যোগ নিয়ে জাতীয় চিড়িয়াখানায় স্থান দেয়।

তবে প্রদর্শনের সময় পরিচিতি ফলকে নামটি ভুলভাবে লেখা হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে ফলক সংশোধন করা হলেও প্রাণীটির নাম পরিবর্তন করে ‘সাদা মহিষ’ রাখা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, পুরো ঘটনাপ্রবাহ বিবেচনায় নিয়েই প্রশাসনিক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।