আন্তর্জাতিক ডেস্ক:
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের সাম্প্রতিক সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছেন, ধ্বংসাত্মক ‘পোড়ামাটি নীতি’ কখনোই ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।
ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভাব্য নতুন দফা আলোচনার আগে টেলিভিশনে দেওয়া এক ভাষণে নাওয়াফ সালাম এ মন্তব্য করেন। তিনি বলেন, চলমান সংকট মোকাবিলায় লেবানন সংঘাত নয়, বরং কূটনৈতিক সমাধান ও সংলাপের পথকেই সবচেয়ে কার্যকর বিকল্প হিসেবে বেছে নিয়েছে।
এর আগে দক্ষিণ লেবাননের কিছু এলাকায় বসবাসকারী মানুষকে সরিয়ে নেওয়ার সতর্কবার্তা দেয় ইসরাইল। এরপরই অঞ্চলজুড়ে নতুন করে বিমান হামলা ও সামরিক অভিযান শুরু হয়, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক আরও বাড়িয়ে তোলে।
প্রধানমন্ত্রী সালাম বলেন, বর্তমান পরিস্থিতিতে লেবানন ও দেশের জনগণকে রক্ষার জন্য দায়িত্বশীল ও বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়া জরুরি। তাই সরকার আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের উদ্যোগকে অগ্রাধিকার দিচ্ছে।
তিনি আরও বলেন, অবকাঠামো, সম্পদ ও জনপদ ধ্বংস করে নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়। বরং দীর্ঘমেয়াদে এমন কৌশল সংঘাতকে আরও জটিল করে তোলে।
বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে লেবাননের পক্ষ থেকে আলোচনার আহ্বান মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
