ভবিষ্যতে জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে: ডা. তাহের

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, সর্বশেষ জাতীয় নির্বাচনে বিএনপির তুলনায় জামায়াত কিছুটা কম ভোট পেলেও দলটির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ পাবে।

রোববার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত জামায়াতের ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত এককভাবে ৬৮টি এবং জোটগতভাবে ৭৭টি আসনে বিজয়ী হয়েছে। তিনি বলেন, নির্বাচন শেষ হওয়ার মাত্র তিন মাসের মধ্যেই এলাকার উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় অবকাঠামো উন্নয়নের জন্য ১২০ কোটি টাকার বরাদ্দ আনার পাশাপাশি আরও ১০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।

চৌদ্দগ্রামের সামাজিক সমস্যার প্রসঙ্গ তুলে তিনি কিশোর গ্যাং ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। তার ভাষায়, মাদক ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের বিকল্প জীবিকার পথ বেছে নেওয়ার জন্য ছয় মাস সময় দেওয়া হচ্ছে। এরপরও অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।