জয়ের লক্ষ্য নিয়ে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে সাবিনারা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

সাফ চ্যাম্পিয়নশিপে আজ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেমিফাইনাল আগেই নিশ্চিত হলেও মর্যাদার এই লড়াইয়ে জয় তুলে নিয়ে নিজেদের আধিপত্য ধরে রাখতে চায় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

রোববার (৩১ মে) ভারতের গোয়ার পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে দক্ষিণ এশিয়ার দুই শক্তিশালী দলের হাইভোল্টেজ লড়াই।

আসরের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে মারিয়া মান্ডা, সাবিনা খাতুন ও রূপনা চাকমাদের দল। ফলে কিছুটা চাপমুক্ত হয়েই ভারতের বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচকে সামনে রেখে গোয়ার ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল। প্রায় দেড় ঘণ্টার অনুশীলনে ফুটবলাররা ওয়ার্ম-আপ, পাসিং ড্রিল, পজেশন হোল্ড এবং ম্যাচ-সিনারিওভিত্তিক কৌশল নিয়ে কাজ করেন। অনুশীলনের শেষ পর্যায়ে প্রধান কোচ পিটার বাটলার বিশেষভাবে ট্যাকটিক্যাল পজিশনিং ও সেট-পিস পরিকল্পনায় গুরুত্ব দেন।

বাংলাদেশ শিবিরের জন্য সুখবর হলো, দলের সব খেলোয়াড় পুরোপুরি ফিট রয়েছেন। ফলে ভারতের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামার সুযোগ পাচ্ছেন কোচ।

ম্যাচের আগে পিটার বাটলার বলেন, বর্তমান বাংলাদেশ দল আগের চেয়ে অনেক বেশি পরিণত ও আত্মবিশ্বাসী। তার মতে, দলে একাধিক ম্যাচ উইনার রয়েছে এবং আক্রমণ ও রক্ষণ—দুই বিভাগেই দল এখন যথেষ্ট ভারসাম্যপূর্ণ।