নিজ সংবাদ:
চট্টগ্রামের সীতাকুণ্ডের আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সাধারণ বাসিন্দাদের কোনো ধরনের উচ্ছেদ করা হবে না, তবে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে।
রবিবার (৩১ মে) সকালে জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চট্টগ্রামের বিভিন্ন প্রশাসনিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে জঙ্গল সলিমপুরে নানা ধরনের অপরাধী চক্রের বিস্তার ঘটেছে। বর্তমান সরকার এ পরিস্থিতির অবসান ঘটাতে বদ্ধপরিকর। তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্রের ভেতরে আর কোনো ‘অন্য রাষ্ট্র’ গড়ে উঠতে দেওয়া হবে না।
তিনি আরও জানান, মাদক, সন্ত্রাস ও সব ধরনের অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জঙ্গল সলিমপুরের সরকারি খাস জমিতে কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের নিরাপদ ও স্বস্তিদায়ক জীবন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তাই উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় স্থানীয় সরকার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
