বিকট শব্দে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য

আকাশে উল্কাপিণ্ডের বিস্ফোরণ

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের আকাশে বায়ুমণ্ডলে প্রবেশের পর একটি বড় উল্কাপিণ্ড বিস্ফোরিত হয়ে খণ্ড-বিখণ্ড হয়েছে। শনিবার (৩০ মে) স্থানীয় সময় দুপুর ২টা ০৬ মিনিটে ঘটে যাওয়া এ ঘটনায় ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার ও আশপাশের কয়েকটি অঙ্গরাজ্যে বিকট শব্দ শোনা যায় এবং বহু মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, প্রায় তিন ফুট প্রশস্ত উল্কাপিণ্ডটি উত্তর-পূর্ব ম্যাসাচুসেটস ও দক্ষিণ-পূর্ব নিউ হ্যাম্পশায়ারের সীমান্তসংলগ্ন আকাশে প্রায় ৪০ মাইল উচ্চতায় বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শক্তি ছিল প্রায় ৩০০ টন টিএনটির সমপরিমাণ, যার ফলে তীব্র শব্দের সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে পরপর দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। শব্দের তীব্রতায় ম্যাসাচুসেটস ও রোড আইল্যান্ডের বিভিন্ন ভবন কেঁপে ওঠে। ঘটনার পর পুলিশ ও জরুরি সেবা সংস্থাগুলো শব্দের উৎস খুঁজতে তদন্ত শুরু করে।

নাসা স্পষ্ট করেছে, এটি কোনো উপগ্রহ বা মহাকাশের ধ্বংসাবশেষ নয়; বরং একটি প্রাকৃতিক মহাজাগতিক বস্তু ছিল। আমেরিকান মিটিওর সোসাইটির প্রোগ্রাম মনিটর রবার্ট লুনসফোর্ড বলেন, উল্কাপিণ্ডটি সাধারণ অগ্নিগোলকের তুলনায় অনেক বড় ছিল এবং মাটিতে আঘাত হানার সম্ভাবনা কম।

তার মতে, উল্কাপিণ্ডটির কোনো অংশ যদি পুরোপুরি পুড়ে না গিয়ে থাকে, তবে সেটি সমুদ্রে গিয়ে পড়ার সম্ভাবনাই বেশি। এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে।