আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সঙ্গে আলোচিত চুক্তির খসড়ায় একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি চুক্তির বিভিন্ন ধারা আরও স্পষ্ট ও কঠোর করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প বিশেষভাবে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত শর্তাবলি পুনর্বিবেচনার ওপর জোর দিয়েছেন। বর্তমান খসড়ায় ইরান কেবল পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে আরও নির্দিষ্ট নিশ্চয়তা ও কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা যুক্ত করার দাবি তোলা হয়েছে।
মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কীভাবে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে বা নিয়ন্ত্রণে আনা হবে এবং এর সময়সীমা কী হবে—সে বিষয়ে সুস্পষ্ট শর্ত অন্তর্ভুক্ত করতে চান ট্রাম্প।
এ ছাড়া হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত রাখার বিষয়ে চুক্তিতে ব্যবহৃত ভাষাও পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন তিনি। সংশোধিত খসড়া ইতোমধ্যে ইরানের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
অ্যাক্সিওসের সূত্র বলছে, এসব পরিবর্তনের বিষয়ে তেহরানের প্রতিক্রিয়া পেতে অন্তত তিন দিন সময় লাগতে পারে। মার্কিন কর্মকর্তারা আশা করছেন, আগামী সপ্তাহের শুরুতেই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে। তবে সংশোধিত খসড়ায় ঠিক কী পরিবর্তন আনা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত প্রকাশ করা হয়নি।
