আন্তর্জাতিক ডেস্ক:
নেদারল্যান্ডসের রটারডাম শহরের ঐতিহাসিক মেভলানা মসজিদে হামলা, ভাঙচুর ও অশোভন আচরণের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে। হামলাকারীরা মসজিদের একটি মোজাইক দেয়াল ক্ষতিগ্রস্ত করে, ভবনের দিকে বিয়ারের বোতল নিক্ষেপ করে এবং সামনের অংশে প্রস্রাব করে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৮ মে) স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ছয়জন অজ্ঞাত ব্যক্তি হামলায় জড়িত ছিল।
ঘটনার পর দেশটির ইসলামিক ফাউন্ডেশন নেদারল্যান্ডস (আইএসএন) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, হামলার সময় মসজিদ কর্তৃপক্ষ বারবার পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। হামলাকারীরা চলে যাওয়ার অনেক পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
আইএসএনের অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা বিষয়টিকে গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করেননি। পুলিশের এই মনোভাব স্থানীয় মুসলিমদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।
সংস্থাটি বলছে, সাম্প্রতিক সময়ে মুসলিম সম্প্রদায় ও মসজিদকে লক্ষ্য করে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। ফলে মুসল্লিরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়ছেন। এ ঘটনায় আইএসএন আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ দায়ের করেছে এবং ঘটনার দ্রুত ও অগ্রাধিকারভিত্তিক তদন্তের দাবি জানিয়েছে।
