আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ পুনর্ব্যক্ত করে ওই জলপথে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা জারি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর খাতাম আল-আম্বিয়া জানিয়েছে, প্রণালি ব্যবহারকারী সব নৌযানকে নির্ধারিত নিয়ম ও রুট মেনে চলতে হবে, অন্যথায় অনাকাঙ্ক্ষিত পরিণতির মুখোমুখি হতে হতে পারে।
শনিবার (৩০ মে) প্রকাশিত এক বিবৃতিতে ইরান জানায়, হরমুজ প্রণালির সার্বিক ব্যবস্থাপনা দেশটির সশস্ত্র বাহিনীর পূর্ণ কর্তৃত্বের অধীনে পরিচালিত হচ্ছে। ফলে বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাংকার ও অন্যান্য নৌযানকে নির্ধারিত নৌপথ ব্যবহার করেই চলাচল করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রণালিতে প্রবেশ বা যাত্রা শুরুর আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। কোনো জাহাজ যদি এসব নির্দেশনা বা বিধিনিষেধ অমান্য করে, তবে তাদের চলাচলের নিরাপত্তা গুরুতর ঝুঁকির মধ্যে পড়তে পারে।
একই সঙ্গে হরমুজ প্রণালি এলাকায় অবস্থানরত বিদেশি সামরিক বাহিনীর প্রতিও সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, সামুদ্রিক চলাচল বা প্রণালির ব্যবস্থাপনায় হস্তক্ষেপের যেকোনো প্রচেষ্টার কঠোর জবাব দেওয়া হবে। এই ঘোষণার মধ্য দিয়ে অঞ্চলটির নিরাপত্তা ও উত্তেজনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
