ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়: পাকিস্তান

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার কোনো উদ্যোগ নেবে না পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, ফিলিস্তিন প্রশ্নে ইসলামাবাদের দীর্ঘদিনের নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

শুক্রবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পাকিস্তান দূতাবাসে সাংবাদিকদের তিনি জানান, একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে ইসরাইলের বিষয়ে পাকিস্তানের কূটনৈতিক অবস্থান অপরিবর্তিত থাকবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকটি মুসলিম দেশকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানালেও পাকিস্তান সেই পথে হাঁটছে না বলে স্পষ্ট করেন তিনি।

বৈঠকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইসহাক দার জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে পাকিস্তানের নীরব কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছে ওয়াশিংটন।

তবে মধ্যস্থতার বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, পাকিস্তান আশা করছে তার এই উদ্যোগ আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। বৈঠক শেষে দুই দেশ কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে সম্মত হয়েছে। এ লক্ষ্যে চলতি বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরের বিষয়েও সমঝোতা হয়েছে।