কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ

ঈদ জামাত পণ্ড, আহত ২৮

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কোরবানির মাংস বণ্টনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৮ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালানো হয় এবং পণ্ড হয়ে যায় ঈদের জামাতও।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গ্রামের কামরুজ্জামান মোল্লা ও জাহাঙ্গীর মাতুব্বরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রতিবছর কোরবানির তিন ভাগের একটি অংশ দরিদ্রদের মাঝে বিতরণের জন্য গ্রামের সব মাংস একত্র করা হয়। তবে এবার সেই মাংস মসজিদ থেকে বিতরণ করা হবে, নাকি প্রত্যেকে নিজ নিজ বাড়ি থেকে বিতরণ করবেন— এ বিষয় নিয়ে ঈদের নামাজ শুরুর আগেই দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিসোঁটা নিয়ে হামলা এবং কয়েকটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে ঈদের নামাজ ও কোরবানির কার্যক্রমও বন্ধ হয়ে যায়।

সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আলগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মজিবর মোল্লা বলেন, “ঈদের মতো আনন্দের দিনে সামান্য মাংস বণ্টন নিয়ে এমন ঘটনা খুবই দুঃখজনক। নামাজ ও কোরবানি হওয়ার আগেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।”

ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।