ঈদকে ঘিরে সীমান্তে বিজিবির কড়া নজরদারি

ঈদকে ঘিরে সীমান্তে বিজিবির কড়া নজরদারি

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যশোর ও খুলনার বিভিন্ন সীমান্ত এলাকায় চোরাচালান, পুশইন এবং কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঈদ পরবর্তী সময়েও যেকোনো ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে জোরদার করা হয়েছে নজরদারি ও টহল কার্যক্রম।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এবং খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান।

বিজিবি কর্মকর্তারা জানান, প্রতিবছর ঈদুল আজহায় দেশে বিপুল পরিমাণ পশু কোরবানি করা হয়। কোরবানির পর এসব পশুর চামড়া যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পাচার না হতে পারে, সেজন্য সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় জনগণকে সচেতন করতে বিভিন্ন সীমান্ত এলাকায় মাইকিংও করা হচ্ছে।

সীমান্ত অপরাধ দমনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে নিয়মিত সীমান্ত সম্মেলনও অনুষ্ঠিত হচ্ছে বলে জানান তারা। পুশইন, মাদক পাচার, চোরাচালান এবং চামড়া পাচার ঠেকাতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহলে রয়েছেন।

বিশেষ করে যশোরের শার্শা উপজেলার ১০২ কিলোমিটার সীমান্ত এলাকার কাশিপুর, শালকোনা, শিকারপুর, ধান্যখোলা, রঘুনাথপুর, পুটখালি, দৌলতপুর, সাদিপুর, ঘিবা, গোগা, রুদ্রপুর, অগ্রভুলোট, পাঁচভুলোট ও দাদখালি সীমান্তকে চামড়া পাচারের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

চামড়া ব্যবসায়ীদের আশঙ্কার পরিপ্রেক্ষিতে এসব এলাকায় বিজিবির পাশাপাশি পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।