নিজ সংবাদ:
পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) সকালে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি বনানী সামরিক কবরস্থানে যান।
এর আগে প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। পরে বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং শ্বশুর, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবরেও শ্রদ্ধা জানান।
পরবর্তীতে তিনি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর প্রাঙ্গণে যান। সেখানে স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় প্রধানমন্ত্রী কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।
কবর জিয়ারতের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে ভয়াবহ বিদ্রোহের ঘটনায় মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। নিহতদের অধিকাংশকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়।
