গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলীর বেদগ্রাম এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এসময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ চার জন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নেওয়া হলে ১২ বছর বয়সী এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী, এক শিশু ও তিন জন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। পরে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক আরিফ উজ জামান এবং পুলিশ সুপার হাবীবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।