জাতীয় ঈদগাহে ঈদুল আযহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জামাতে ইমামতি করেন। নামাজের আগে তিনি ঈদুল আযহার তাৎপর্য ও ত্যাগের শিক্ষা নিয়ে বিশেষ বয়ান দেন। পরে ঈদের খুৎবাহ পাঠ করা হয়।

পূর্বনির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় জামাত শুরু হওয়ার কথা থাকলেও ফজরের পর থেকেই মুসল্লিদের ঢল নামে জাতীয় ঈদগাহে। ভেতরে স্থান সংকুলান না হওয়ায় অনেক মুসল্লিকে আশপাশের সড়কে নামাজ আদায় করতে দেখা যায়। মুসল্লিদের উপস্থিতি কদম ফোয়ারা, শিক্ষাভবন ও শিক্ষা ভবন মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে।

জামাতে প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

ঈদ উপলক্ষে জাতীয় ঈদগাহ ও আশপাশের এলাকায় বর্ণিল সাজসজ্জা করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়। একই সঙ্গে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায় এবং তল্লাশির মাধ্যমে মুসল্লিদের ঈদগাহে প্রবেশ করতে দেওয়া হয়।