আর বাকি ২৮ দিন: প্রথম গোলশূন্য ড্র’র দীর্ঘ অপেক্ষা

বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

 

ক্রীড়া প্রতিবেদক \ ২০২৬ বিশ্বকাপের মহোৎসব শুরু হতে আর মাত্র ২৮ দিন বাকি। এই ক্ষণগণনাকে সামনে রেখে ফিফা প্রতিদিন প্রকাশ করছে বিশ্বকাপের ইতিহাসের বিশেষ সব পরিসংখ্যান। আজ ফিফার আলোকপাতে উঠে এসেছে ২৮ সংখ্যাটির সাথে জড়িয়ে থাকা এক মজার এবং ঐতিহাসিক তথ্য। বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছিল ১৯৩০ সালে। কিন্তু অবাক করার মতো তথ্য হলো, বিশ্বকাপের মাঠে প্রথম গোলশূন্য (০-০) ড্র ম্যাচ দেখার জন্য ফুটবল বিশ্বকে অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ ২৮ বছর! ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপের আগ পর্যন্ত খেলা ১০৯টি ম্যাচের একটিও গোলশূন্য ড্র হয়নি। ইতিহাসের ১১০তম ম্যাচে এসে প্রথমবারের মতো কোনো গোল ছাড়াই মাঠ ছাড়ে দুই দল। ১৯৫৮ সালের সেই ঐতিহাসিক গোলশূন্য ড্র ম্যাচটি হয়েছিল ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও ইংল্যান্ডের মধ্যে। মজার ব্যাপার হলো, সেই ম্যাচে গোল না হলেও পরের চারটি বিশ্বকাপের শিরোপা এই দুই দলই নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল (ব্রাজিল ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০; ইংল্যান্ড ১৯৬৬)।