চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপন

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের প্রায় ৪০ থেকে ৫০টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করা হয়েছে। বুধবার সকালে জেলার বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং পরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পশু কোরবানি দেন মুসল্লিরা।

সাদ্রা দরবার শরিফ–এ সকাল সাড়ে ৮টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন পীর মাওলানা আরিফ চৌধুরী। পরে সকাল ৯টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে আরও কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ১৯২৮ সালে সাদ্রা দরবার শরিফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক চৌধুরী প্রথম চাঁদ দেখার ভিত্তিতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ উদ্‌যাপনের প্রথা চালু করেন। সেই ধারাবাহিকতায় এখনো চাঁদপুরের বহু গ্রামের মানুষ আগাম ঈদ পালন করে আসছেন।

হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলার সাদ্রা, বলাখাল, অলিপুর, সমেশপুর, প্রতাপপুর, মনিহার, বাসারা, লক্ষ্মীপুরসহ অর্ধশতাধিক গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

পীর মাওলানা আরিফ চৌধুরী বলেন, “আমরা বিশ্বের মুসলমানদের সঙ্গে মিল রেখে প্রথম চাঁদ দেখার ভিত্তিতে ঈদ পালন করি। এটি একদিন আগে ঈদ নয়, বরং আন্তর্জাতিক চন্দ্রদর্শনের অনুসরণ।”

নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।