নিজ সংবাদ:
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের অর্ধশতাধিক স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও এলাকায় আগাম ঈদের নামাজ আদায় করেন কয়েক হাজার মুসল্লি।
দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে সকাল ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আব্দুর রাজ্জাক। এছাড়া শহরের নিউটাউন, ফুলতলা ও ইসলামবাগসহ জেলার বিভিন্ন উপজেলায় পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলার বোচাগঞ্জ, বিরল, কাহারোল, বিরামপুর ও চিরিরবন্দর উপজেলার বিভিন্ন গ্রাম ও মসজিদে মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপন করেন। প্রতিটি জামাতে দুই শতাধিক মুসল্লির উপস্থিতি ছিল বলে আয়োজকরা জানিয়েছেন।
আয়োজকদের দাবি, এবার জেলায় প্রায় ৫০টির মতো স্থানে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে প্রায় দুই হাজার পরিবার এই ঈদ উদ্যাপনে অংশ নেয়। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
ঈদ জামাতে অংশ নেওয়া মুসল্লিরা জানান, দীর্ঘদিন ধরেই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে এবারও তারা ঈদের নামাজ আদায় করেছেন। ইমাম মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, “ঈদ ত্যাগ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। দেশ ও জাতির কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
