ক্রীড়া ডেস্ক:
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে মরক্কো জাতীয় ফুটবল দল। মঙ্গলবার (২৬ মে) আনুষ্ঠানিকভাবে ২৬ সদস্যের স্কোয়াড প্রকাশ করে মরক্কো ফুটবল ফেডারেশন। দলে জায়গা পেয়েছেন আশরাফ হাকিমি ও ব্রাহিম দিয়াজ–এর মতো তারকা ফুটবলাররা।
তিন মাস আগে দলের দায়িত্ব নেওয়া কোচ মোহাম্মদ ওয়াহবি আফ্রিকান কাপ অব নেশনসে খেলা অধিকাংশ ফুটবলারের ওপর আস্থা রেখেছেন। পাশাপাশি কয়েকজন নতুন মুখও সুযোগ পেয়েছেন দলে।
নতুনদের মধ্যে রয়েছেন ইসা দিয়প, সামির এল মোরাবেত এবং তরুণ মিডফিল্ডার আয়ুব বুয়াদ্দি। লিলের এই ফুটবলার সম্প্রতি ফ্রান্সের পরিবর্তে মরক্কোর হয়ে খেলার সিদ্ধান্ত নেন।
বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে মরক্কো। এরপর গ্রুপ ‘সি’-তে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি।
দলের গোলরক্ষক বিভাগে আছেন ইয়াসিন বুনু। রক্ষণভাগে নেতৃত্ব দেবেন হাকিমি ও নুসাইর মাজরাউই। মাঝমাঠে থাকছেন সুফিয়ান আমরাবাত ও বিলাল এল খান্নুস। আর আক্রমণভাগে ব্রাহিম দিয়াজের ওপরই ভরসা রাখছে মরক্কো।
