নিজ সংবাদ:
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল–এ একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটিকে দুর্ঘটনাজনিত বলে দাবি করলেও মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)–এর রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম জানান, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ১১ জন মা ও ছয় নবজাতক ছিল। রাত দুইটা থেকে তিনটার মধ্যে এক রোগীর স্বজন অতিরিক্ত ঠান্ডার কারণে এসি বন্ধ করার অনুরোধ করেন। পরে প্রায় এক ঘণ্টার জন্য এসি বন্ধ রাখা হয়। এর কিছু সময় পর কয়েকটি শিশুর শ্বাসকষ্ট দেখা দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত শিশুদের বয়স ছিল এক থেকে দুই দিন। সবাই পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। ভোরের দিকে শিশুদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাদের নিউ নেটাল আইসিইউতে নেওয়া হয়। সেখানে দুই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়।
দুপুরে সংবাদ সম্মেলনে হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন বলেন, রাত তিনটার দিকে চিকিৎসকেরা শিশুদের পরীক্ষা করে তখন স্থিতিশীল বলে জানিয়েছিলেন। তবে ভোর ছয়টার পর হঠাৎ তাদের অবস্থার অবনতি ঘটে।
ঘটনার পর হাসপাতালটিতে পুলিশের ক্রাইমসিন ইউনিটসহ তদন্তকারী দল কাজ করছে। মৃত্যুর সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।
