নিজ সংবাদ:
সীমান্ত আইন লঙ্ঘন করে কথিত বাংলাদেশিদের জোরপূর্বক ফেরত পাঠানোর যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানিয়েছেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত থেকে সাতক্ষীরা সীমান্তজুড়ে অতিরিক্ত টহল কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। পাশাপাশি সীমান্তবর্তী জনপদে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
বুধবার সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, বিএসএফের সম্ভাব্য পুশব্যাক চেষ্টাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি দাবি করেন, বিজিবির কঠোর অবস্থানের কারণে এখন পর্যন্ত কাউকে বাংলাদেশে পুশব্যাক করতে পারেনি বিএসএফ।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাকিমপুর সীমান্ত এলাকায় শতাধিক ব্যক্তিকে জড়ো করা হয়েছে। তাঁদের ভারতীয় পুলিশের মাধ্যমে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)–এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এসব ব্যক্তির বাড়ি বাংলাদেশে এবং তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস ও কাজ করছিলেন। ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
