নিজ সংবাদ:
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের শতাধিক গ্রামে আজ বুধবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে। সকাল থেকেই এসব এলাকায় ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে ধর্মীয় উৎসব পালন করেন স্থানীয় মুসল্লিরা।
চট্টগ্রামের মির্জাখীল দরবার শরিফ–এর অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপন করে আসছেন। সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী ও সন্দ্বীপসহ বিভিন্ন উপজেলার বহু গ্রামে এই দরবারের অনুসারীরা বসবাস করেন।
দরবার সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ গ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। একই সময়ে বরুমচড়া, হেটিখাইন, কালীপুর ও চাম্বলসহ বিভিন্ন এলাকাতেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার একাধিক গ্রামে সকাল থেকেই ঈদ উদ্যাপনের আয়োজন দেখা যায়।
মির্জাখীল দরবার শরিফের মূল খানাকাহ মাঠে অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান। নামাজ শেষে মুসল্লিরা পশু কোরবানি দেন এবং একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাফর চৌধুরী জানান, সকালে ঈদের নামাজ আদায়ের পর স্থানীয়রা কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। দরবারের মুখপাত্র মোহাম্মদ মছউদুর রহমান বলেন, প্রায় দুই শতাব্দীরও বেশি সময় ধরে তাঁদের অনুসারীরা হজের পরের দিন ঈদুল আজহা পালন করে আসছেন। চাঁদের অবস্থান ও হজের তথ্য নিশ্চিত করেই তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
