আন্তর্জাতিক ডেস্ক:
পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন আরাফার দিনে আরাফাতের ময়দানে সমবেত লাখো হাজির উদ্দেশে খুতবা প্রদান করেছেন শেখ আলী আল-হুদাইফি। মঙ্গলবার মসজিদে নামিরা থেকে দেওয়া এই খুতবায় তিনি বিশ্ব মুসলিমের ঐক্য, সম্প্রীতি ও শান্তি কামনা করেন।
তীব্র গরম উপেক্ষা করে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও লাখো হাজি আরাফাতের ময়দানে নামাজ আদায় ও ইবাদতে অংশ নেন। খুতবা শেষে আবেগঘন মোনাজাতে ইমাম আল্লাহর দরবারে হাজিদের হজ কবুল হওয়ার জন্য দোয়া করেন। পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, সমৃদ্ধি এবং হাজিদের নিরাপদে দেশে ফেরার প্রার্থনা জানান।
মোনাজাতে তিনি বলেন, “হে আল্লাহ, মুসলিমদের অবস্থার উন্নতি করুন, তাঁদের মধ্যে ঐক্য সৃষ্টি করুন এবং সত্যের পথে পরিচালিত করুন।”
Saudi Press Agency (এসপিএ) জানিয়েছে, খুতবায় শেখ আল-হুদাইফি হজের গুরুত্ব তুলে ধরে বলেন, হজ ইসলামের অন্যতম মৌলিক স্তম্ভ এবং এর ভিত্তি আল্লাহর একত্ববাদ ও তাঁর প্রতি আনুগত্য।
তিনি আরও বলেন, হজ বিশ্বের বিভিন্ন জাতি ও বর্ণের মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহযোগিতার এক অনন্য মিলনমেলা। একই সঙ্গে তিনি গুনাহ, ঝগড়া-বিবাদ এবং রাজনৈতিক স্লোগান থেকে বিরত থাকার আহ্বান জানান।
ভোর থেকেই হাজিরা জাবালে রহমতে অবস্থান নিয়ে কোরআন তিলাওয়াত ও ইবাদতে মগ্ন ছিলেন। ইতিহাসখ্যাত এই স্থানেই প্রায় ১৪০০ বছর আগে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।
