নিজ সংবাদ:
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন নুরুন্নাহার নিম্নি। তিনি বাংলাদেশের তৃতীয় নারী এবং অষ্টম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় পৌঁছানোর গৌরব অর্জন করেছেন। বুধবার (২৭ মে) ভোর ৫টা ২৪ মিনিটে তিনি সফলভাবে এভারেস্টের শীর্ষ স্পর্শ করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে নিম্নি এভারেস্টের চূড়ায় ওঠেন। অভিযান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান 8K Expeditions–এর অ্যাঙ তেম্বা শেরপা আনুষ্ঠানিকভাবে তার সাফল্যের খবর নিশ্চিত করেন।
চূড়ান্ত অভিযানের অংশ হিসেবে গত ২৫ মে ক্যাম্প-২ থেকে যাত্রা শুরু করেন নিম্নি। পর্যায়ক্রমে ক্যাম্প-৩ ও ক্যাম্প-৪ অতিক্রম করে প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পথ পেরিয়ে বুধবার ভোরে তিনি শিখরে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন দাওয়া নুপু শেরপা ও লাকপা থিনদুক শেরপা। শীর্ষে পৌঁছে তিনি বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়ে বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করেন।
এর আগে ২০১২ সালে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার এবং একই বছরের ২৬ মে শিখরে ওঠেন ওয়াসফিয়া নাজরীন। দীর্ঘ ১৪ বছর পর আবার কোনো বাংলাদেশি নারী এভারেস্ট জয় করলেন।
রংপুরে বেড়ে ওঠা নিম্নি ঢাকা বিশ্ববিদ্যালয়–এর ভূতত্ত্ব বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন। বর্তমানে তিনি পূবালী ব্যাংক পিএলসি–এর সাধারণ ব্যাংকিং বিভাগে প্রধান কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
