সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ঝড়ের আশঙ্কা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ছয় জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

ঝড়ের পাশাপাশি বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে দেশের অন্যান্য অঞ্চলেও দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তাই অন্যান্য নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।