৩২ লাখ টাকার গরু বিতর্কে মুখ খুললেন মন্ত্রীর ছেলে, দিলেন ব্যাখ্যা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

ঈদুল আজহা উপলক্ষে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি–র ৩২ লাখ টাকায় গরু কেনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিতর্ক বাড়তে থাকায় এবার মুখ খুলেছেন মন্ত্রীর ছেলে সারিয়ান চৌধুরী।

মঙ্গলবার (২৬ মে) বিকেল ৫টা ৫২ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি পরিবারের পক্ষ থেকে গরু কেনার বিষয়ে ব্যাখ্যা দেন। পোস্টে সারিয়ান চৌধুরী জানান, তার বাবা ও চাচারা প্রতি বছর পারিবারিক কোরবানি এবং হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদ্রাসার জন্য একাধিক গরু কেনেন। সেই ধারাবাহিকতায় এবারও তারা ছয়টি গরু কিনেছেন।

তিনি লেখেন, “আমার বাবা পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং উনার ভাইয়েরা প্রতি বছর ৬/৭/৮টি গরু ক্রয় করেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।”

সমালোচকদের উদ্দেশে সারিয়ান প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “আজ থেকে ৫০ বছর পরেও যদি আমাদের পরিবার ১০টি গরু কোরবানি দেয়, তখনও কি এমন সমালোচনা হবে? নাকি শুধু মন্ত্রী হওয়ার কারণেই আমার বাবা অযৌক্তিক সমালোচনার শিকার হচ্ছেন?”

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, কোরবানির পশুর মাংস গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে। তিনি বলেন, “সবগুলো গরুই গরিব মানুষের হক। মানুষের হক মানুষের কাছেই পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, সম্প্রতি কোরবানির পশুর হাট থেকে ৩২ লাখ টাকায় গরু কেনার খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এরপরই বাবার পক্ষে ব্যাখ্যা দিয়ে পোস্ট করেন সারিয়ান চৌধুরী।