৫০টির বেশি এলাকায় গণউচ্ছেদের নির্দেশ

লেবাননে আতঙ্কের ছায়া

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ ও পূর্ব লেবাননের প্রায় ৫০টি শহর, উপজেলা ও গ্রামের বাসিন্দাদের হঠাৎ করেই এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। একদিনের ব্যবধানে জারি করা এই নির্দেশনায় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও তীব্র হয়ে উঠেছে।

বুধবার (২৭ মে) প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে Al Jazeera, গত ১০ ঘণ্টা ধরে একের পর এক সতর্কবার্তা দিয়ে সংশ্লিষ্ট এলাকার মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। এতে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সবচেয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে দক্ষিণ লেবাননের প্রধান শহর নাবিতাহর বাসিন্দাদের। পুরো শহরের মানুষকে এলাকা খালি করার আহ্বান জানিয়ে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর বাসিন্দাদের সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে জাহরানি নদীর উত্তরে আশ্রয় নিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে দ্রুত নিরাপদ স্থানের দিকে ছুটছেন। কেউ ব্যক্তিগত গাড়িতে, কেউ মোটরসাইকেলে, আবার অনেকে প্রয়োজনীয় সামান্য জিনিসপত্র হাতে নিয়েই পায়ে হেঁটে এলাকা ত্যাগ করছেন।

ইসরায়েলের প্রকাশিত উচ্ছেদ তালিকায় দক্ষিণ লেবাননের জেবশিত, কফর সির, মাজদাল সিলম, মারাকা, জুয়াইয়া ও দেইর কিফাসহ বহু গুরুত্বপূর্ণ শহর ও গ্রামের নাম রয়েছে।

ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, এত স্বল্প সময়ে বিপুলসংখ্যক মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ চলমান সংকটের ভয়াবহতাই তুলে ধরছে। তাদের আশঙ্কা, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মধ্যপ্রাচ্যে আরও বড় রক্তক্ষয়ী সংঘাত ছড়িয়ে পড়তে পারে।

তথ্যসূত্র: আল জাজিরা