কয়েক গুণ বেশি ভাড়াতেও মিলছে না গাড়ি

কয়েক গুণ বেশি ভাড়াতেও মিলছে না গাড়ি

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন লাখো মানুষ। তবে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও যানবাহনের সংকটে চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, শত শত যাত্রী দীর্ঘ সময় ধরে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন।

অনেক যাত্রী পরিবার-পরিজন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় অবস্থান করলেও কাঙ্ক্ষিত যানবাহন পাচ্ছেন না। অভিযোগ উঠেছে, স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে।

শেরপুরগামী যাত্রী আমিনুল সরকার বলেন, “ময়মনসিংহ পর্যন্ত স্বাভাবিক ভাড়া ১৫০ টাকা হলেও এখন ৫০০ টাকা নেওয়া হচ্ছে। তারপরও বাসে জায়গা পাওয়া যাচ্ছে না। ট্রাক কিংবা পিকআপেও ওঠার সুযোগ নেই।”

আরেক যাত্রী মহসিন আলী জানান, কারখানা ছুটির পর স্ত্রীকে নিয়ে দীর্ঘ সময় ধরে বাসের অপেক্ষায় রয়েছেন। তিনি বলেন, “কখন গাড়ি পাবো জানি না, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে।”

এদিকে সিরাজগঞ্জগামী একটি পিকআপের চালক জানান, তারা মাথাপিছু ৪০০ টাকা করে যাত্রী নিচ্ছেন। বাসের তুলনায় কম ভাড়া হওয়ায় অনেক যাত্রী বাধ্য হয়ে পিকআপে উঠছেন।

গাজীপুর–এর পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, শিল্পকারখানায় একসঙ্গে ছুটি হওয়ায় সড়কে যাত্রীর চাপ বেড়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি করছে বলেও জানান তিনি।