নিজ সংবাদ:
মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, এবারের কুরবানির পশুর হাট তুলনামূলকভাবে নিরাপদ এবং পশু ক্রয়-বিক্রয়ে সরকার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে। মঙ্গলবার কুমিল্লা নগরীর নেউরা কুরবানির পশুর হাট পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, প্রান্তিক খামারি থেকে শুরু করে সাধারণ ক্রেতা পর্যন্ত সবাই যেন নিরাপদ পরিবেশে পশু কেনাবেচা করতে পারেন, সে জন্য প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত কোথাও নিরাপত্তাহীনতা বা বড় ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। অবৈধভাবে আনা পশুও বাজারে দেখা যায়নি।
তিনি আরও বলেন, প্রতিটি পশুর হাটে ভেটেরিনারি টিম, জাল টাকা শনাক্তকরণ ব্যবস্থা এবং চাঁদাবাজি রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কুরবানিকে ঘিরে দেশের অর্থনীতিতে যে বিপুল অর্থের প্রবাহ সৃষ্টি হয়, তার সুফল মূলত গ্রামাঞ্চলের প্রান্তিক মানুষের কাছেই পৌঁছে যায়।
মন্ত্রী নিজেও ভেটেরিনারি বুথের মাইকে ঘোষণা দিয়ে জানান, পশু কেনাবেচায় কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে বুথ থেকে সহায়তা নেওয়া যাবে। পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং এবারের গরু ও ছাগলের দাম ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্যই সন্তোষজনক বলে মন্তব্য করেন।
