নিরাপত্তা শঙ্কায় নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের অফিস বন্ধ ঘোষণা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

জাতীয় নাগরিক পার্টি–এর মতিঝিলস্থ অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন দলের মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজে পরিচালিত অস্থায়ী অফিসের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। এখন থেকে দলের সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম রূপায়ণ টাওয়ারের ১৫ তলা থেকে পরিচালিত হবে। তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে নতুন অফিসে যোগাযোগ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “আমাদের পথচলা অব্যাহত থাকবে জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে।”

পোস্টের শেষাংশে একটি সতর্কবার্তাও দেন তিনি। সেখানে উল্লেখ করা হয়, কেউ যদি পূর্ববর্তী অফিসস্থলে গিয়ে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি, হামলা, মামলা বা ক্ষতির মুখোমুখি হন, তবে তার দায়ভার সম্পূর্ণ ব্যক্তির নিজের ওপর বর্তাবে।

দলটির পক্ষ থেকে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে।