নিজ সংবাদ:
চট্টগ্রাম–এর শতাধিক গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামী বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। প্রতি বছরের মতো এবারও মির্জাখীল দরবার শরিফ এবং জাঁহাগীরি শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফ–এর অনুসারীরা এই ঈদ উদযাপন করবেন।
ঈদুল আজহা উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টায় সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের খানকাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ডক্টর মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান। মির্জাখীল দরবার শরিফের দায়িত্বশীল মোহাম্মদ মছউদুর রহমান জানান, তারা হানাফি মাজহাবের অনুসারী হিসেবে দুই শতাধিক বছর ধরে পবিত্র হজ দিবসের পরদিনই ঈদুল আজহা পালন করে আসছেন। বৈজ্ঞানিকভাবে চাঁদের অবস্থান নির্ণয় এবং হজের তথ্য নিশ্চিত হওয়ার পরই তারা এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
তিনি আরও বলেন, আরাফাতের ময়দান থেকে প্রচারিত হজের খুতবা ও হজ পালনের দৃশ্য সরাসরি দেখার পর দেশ-বিদেশে সিলসিলায়ে আলীয়া জাঁহাগীরিয়া ও মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা বুধবার ঈদের নামাজ আদায় করবেন এবং পরে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করবেন।
দরবার শরিফের তথ্যমতে, চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালীসহ চট্টগ্রামের শতাধিক গ্রামের পাশাপাশি বান্দরবান–এর লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজার–এর চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার কয়েকটি গ্রামেও তাদের অনুসারীরা বুধবার ঈদুল আজহা উদযাপন করবেন।
