আন্তর্জাতিক ডেস্ক:
ইরান–এর দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে মার্কিন যুক্তরাষ্ট্র–এর বিমান হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার পর তেহরান ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। একই সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এই হামলার উপযুক্ত জবাব বা প্রতিশোধ নেওয়ার অধিকার তারা সংরক্ষণ করে।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, দক্ষিণ ইরানে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবেই এ হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তু ছিল মাইন স্থাপনের চেষ্টায় থাকা নৌযান এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র। মঙ্গলবার ভোরে ইরানের গণমাধ্যম জানায়, হরমোজগান প্রদেশের বন্দর আব্বাস এলাকায় একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে আইআরজিসি দাবি করেছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করায় তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি আরও একটি মার্কিন ড্রোন ও একটি যুদ্ধবিমান লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলেও জানিয়েছে তারা। বিশ্লেষকদের আশঙ্কা, এই ঘটনার জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
