নিজ সংবাদ:
পটুয়াখালীর বাউফল উপজেলায় ২৪টি স্মার্ট ফ্যামিলি কার্ড ও প্রায় ২৪০ কেজি টিসিবির চাল ঘরে তোলার সময় জামায়াতে ইসলামীর এক ইউনিয়ন নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার রাত ১০টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক সাকিল শিকদার কেশবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে কয়েকটি বস্তাভর্তি চাল একটি বাড়িতে তোলা হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা গিয়ে প্রায় ২৪০ কেজি চাল এবং ২৪ জন টিসিবি সুবিধাভোগীর স্মার্ট ফ্যামিলি কার্ড উদ্ধার করেন। পরে খবর পেয়ে গ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া চাল ও কার্ড নিজেদের জিম্মায় নেয়।
স্থানীয়দের অভিযোগ, টিসিবির পণ্য সাধারণত দিনের বেলায় বিতরণ করা হয়। সেখানে রাতে এত চাল ও কার্ড একসঙ্গে কেন একটি ব্যক্তিগত বাসায় রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সাকিল শিকদার। তিনি দাবি করেন, তার ছোট ভাই দীর্ঘদিন ধরে সুবিধাভোগীদের পণ্য সংগ্রহে সহায়তা করেন এবং বিনিময়ে সামান্য পারিশ্রমিক পান। নিরাপত্তার কারণে রাতের বেলায় চালগুলো সাময়িকভাবে বাসায় রাখা হয়েছিল বলেও জানান তিনি।
এ ঘটনায় রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির লোকজন তাকে হয়রানির চেষ্টা করছে বলে অভিযোগ করেন সাকিল। অন্যদিকে সালেহ আহমেদ, বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
