নেইমারকে বিশ্বকাপ দলে নেওয়ায় সমালোচনা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা নেইমারকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করায় সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। প্রায় আড়াই বছর ধরে জাতীয় দলের হয়ে নিয়মিত খেলতে না পারলেও ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ায় নেইমারকে দলে রাখা হয়েছে।

তবে ব্রাজিলের সাবেক আন্তর্জাতিক গোলকিপার ওয়াগনার ফার্নান্দো ভেলোসো এই সিদ্ধান্তকে “অযৌক্তিক” বলে মন্তব্য করেছেন। তার মতে, দুর্দান্ত ফর্মে থাকা জোয়াও পেদ্রোকে বাদ দিয়ে নেইমারকে নেওয়া ফুটবল ইতিহাসের অন্যতম ভুল সিদ্ধান্ত।

ভেলোসো বলেন, “আমি বিশ্বকাপের জন্য নেইমারকে ডাকতাম না। পেদ্রো সব টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাদের একজন। অথচ নেইমার এমন অবস্থায় আছে, যেখানে সে রেকোলেতার বিপক্ষেও ঠিকভাবে খেলতে পারেনি।”

তিনি আরও অভিযোগ করেন, নেইমার বেছে বেছে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলেছেন। পালমেইরাস, ফ্লামেঙ্গো কিংবা বাহিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে না খেললেও তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে মাঠে নেমেছেন তিনি। তবে সেখানেও প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেন সাবেক এই গোলরক্ষক।