আন্তর্জাতিক ডেস্ক:
পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব আরাফার ময়দানে শুরু হয়েছে হজের খুতবা। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ মিনিটের দিকে খুতবা পাঠ শুরু করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি।
আরবি বর্ষপঞ্জি অনুযায়ী আজ ৯ জিলহজ, যা মুসলিম বিশ্বে ‘আরাফা দিবস’ হিসেবে পরিচিত। আরাফার ময়দানে লাখো হাজি দিনব্যাপী ইবাদত, দোয়া ও জিকিরে মশগুল রয়েছেন। সকাল থেকেই তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে পবিত্র তালবিয়া—“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…”
সাদা ইহরামের দুই টুকরা কাপড়ে আবৃত হাজিরা মিনায় ফজরের নামাজ আদায় শেষে আরাফার উদ্দেশে রওনা হন। ইসলামের ইতিহাসে এই ময়দান বিশেষ তাৎপর্য বহন করে, কারণ এখানেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন।
সেই স্মৃতিকে ধারণ করেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা প্রার্থনায় আরাফার ময়দানে একত্রিত হয়েছেন।
