ফরিদপুরের দরবার শরীফে ৩৪ বছরের ভিন্ন আয়োজন

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের বিভিন্ন এলাকায় আগাম ঈদ উদযাপনের রীতি নতুন নয়। তবে এবার পবিত্র হজের দিনেই ঈদুল আজহার নামাজ আদায় করে আলোচনায় এসেছে রামচন্দ্রপুর দরবার শরীফ। মঙ্গলবার সকালে ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে দরবার শরীফ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজে ইমামতি করেন দরবার শরীফের গদিনসিন পির শাহ সুফি মো. রবিন হাসান মোস্তাক। জামাতে দরবারের ভক্ত ও আশপাশের কয়েকটি পরিবারের মানুষ অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দরবার সূত্র জানায়, তারা গত ৩৪ বছর ধরে পঞ্জিকা অনুসরণ করে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন। সকাল থেকেই দরবার এলাকায় ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

পির রবিন হাসান মোস্তাক বলেন, ইসলামী শরিয়তের বিধান অনুসরণ করেই প্রতিবছর এ আয়োজন করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভক্তদের অংশগ্রহণে এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

হজের দিনেই ঈদ উদযাপন নিয়ে প্রশ্ন করা হলে পিরের মা রেহানা বেগম জানান, তার শ্বশুর ও স্বামী শাহ ওমর ফারুকের সময় থেকেই এই রীতি চলে আসছে। তাদের দেখানো পথ অনুসরণ করেই বর্তমানে ভক্তদের নিয়ে একইভাবে ঈদের নামাজ আদায় করা হচ্ছে।