নিজ সংবাদ:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। বিএনপি মহাসচিব বলেন, ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এবং এর মূল চেতনা হচ্ছে ত্যাগ ও আত্মসমর্পণ। কুরবানির মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করার শিক্ষা দেয় এই উৎসব। তিনি বলেন, মনের অশুভ অন্ধকার দূর করে সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপনের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভই ঈদুল আজহার প্রকৃত তাৎপর্য।
মির্জা ফখরুল আরও বলেন, ঈদুল আজহার প্রধান শিক্ষা হলো মহান আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও নিঃশর্ত আনুগত্য প্রকাশ করা। এই উৎসব মানুষে মানুষে সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও ঈদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দ যেন শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না থাকে। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ত্যাগের মহিমাকে অর্থবহ করে তুলতে হবে।
সবশেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক শান্তি, আনন্দ ও কল্যাণ।
