নিজ সংবাদ:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ও নির্মাণাধীন ক্যাম্প ভাঙচুরের ঘটনায় মামলা করেছে পুলিশ। সোমবার রাতে সীতাকুণ্ড থানায় দায়ের করা মামলায় ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও দুই থেকে তিনশ জনকে আসামি করা হয়েছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন জানান, ফৌজদারহাট ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ঘটনাস্থল থেকে আটক হওয়া পাঁচজনকেও আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, উসকানি দিয়ে সরকারি সম্পত্তির ক্ষতি, পুলিশের কাজে বাধা প্রদান এবং বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে মামলাটি করা হয়েছে।
এর আগে রবিবার রাত ১টার দিকে সলিমপুরের আলীনগর স্কুলে স্থাপিত যৌথবাহিনীর একটি ক্যাম্পে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি চালালে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রায় দুই ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে।
হামলাকারীরা শুধু গুলিবর্ষণই নয়, একটি নির্মাণাধীন ক্যাম্প এক্সক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়। পাশাপাশি মূল সড়কের বিভিন্ন স্থানে রাস্তা কেটে চলাচল ব্যাহত করারও অভিযোগ উঠেছে।
