ভেড়ামারায় নাতনিকে ধর্ষণের অভিযোগে সৎ নানা আটক

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

কুষ্টিয়ার ভেড়ামারা পৌর এলাকায় নাতনিকে ধর্ষণের অভিযোগে শাহবুল আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে ওই কিশোরীর সৎ নানা বলে জানা গেছে। মঙ্গলবার সকালে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিযুক্ত শাহবুল আলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নওদাপাড়া গ্রামের মৃত পরিষ্কার আলীর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে ওই কিশোরী বেড়াতে নানার বাড়িতে আসে। এ সময় তাকে ধর্ষণের অভিযোগ ওঠে শাহবুল আলীর বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়।

পরে খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাহবুল আলীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।