ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না ইসলামাবাদ

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তান কোনো অবস্থাতেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না।

সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে পাকিস্তান, সৌদি আরব, কাতার, তুরস্ক, মিসর ও জর্ডানকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছায়, তবে তাদেরও এই জোটে যুক্ত হওয়া উচিত।

ট্রাম্পের এই আহ্বানের প্রতিক্রিয়ায় সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “আমাদের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক কোনো চুক্তিতে যোগ দেওয়া উচিত নয়।” তিনি ইসরায়েলের প্রতি অনাস্থা প্রকাশ করে আরও বলেন, “যাদের কথায় একদিনের জন্যও ভরসা করা যায় না, তাদের সঙ্গে কীভাবে বসবেন?”

এদিকে পাকিস্তানি সরকারি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে জানিয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি এবং আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের বিষয় দুটি সম্পূর্ণ আলাদা। এ নিয়ে পাকিস্তানের ওপর কোনো ধরনের চাপ নেই বলেও দাবি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল। তবে এবার ট্রাম্পের নতুন উদ্যোগে এখন পর্যন্ত কোনো দেশ ইতিবাচক সাড়া দেয়নি।

তথ্যসূত্র: দ্য ইকোনোমিক টাইমস