দাঁতের চিকিৎসা নাকি স্বাস্থ্য সংকট—বাড়ছে জল্পনা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সোমবার সন্ধ্যায় রাজধানী তেল আবিবের হাদাসাহ আইন কেরেম মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত দাঁতের চিকিৎসার জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে তার সাম্প্রতিক স্বাস্থ্য পরিস্থিতি ঘিরে নতুন করে আলোচনা ও জল্পনা শুরু হয়েছে।

৭৬ বছর বয়সী নেতানিয়াহুর স্বাস্থ্য নিয়ে ইসরায়েলে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন রয়েছে। বিশেষ করে তার অসুস্থতা ও চিকিৎসা সংক্রান্ত তথ্য গোপন রাখার অভিযোগ বহুবার উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, হাদাসাহ মেডিকেল সেন্টারে তার প্রোস্টেটের ম্যালিগন্যান্ট বা ক্যান্সারজনিত টিউমারের সফল অস্ত্রোপচার হয়েছে। তবে কবে রোগ শনাক্ত হয়, কতদিন চিকিৎসা চলে বা কখন তা শেষ হয়েছে—এসব বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি তিনি।

এ ঘটনায় সমালোচনা আরও বাড়ে, কারণ তার প্রকাশিত স্বাস্থ্য প্রতিবেদনে বিস্তারিত চিকিৎসা তথ্যের পরিবর্তে অস্পষ্ট কিছু তথ্য ছিল। এমনকি প্রতিবেদনে হাসপাতালের আনুষ্ঠানিক লোগো বা চিকিৎসা নথির স্বাভাবিক বৈশিষ্ট্যও অনুপস্থিত ছিল বলে অভিযোগ ওঠে।

এর আগে ২০২৩ সালের জুলাইয়ে নেতানিয়াহুর শরীরে একটি পেসমেকার বসানো হয়। এছাড়া ২০২৪ সালের মার্চে হার্নিয়ার অস্ত্রোপচার এবং একই বছরের ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচার করা হয়।

পেসমেকার বসানোর সময়ও তার স্বাস্থ্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। প্রথমে বলা হয়েছিল তিনি পানিশূন্যতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। পরে হাসপাতাল জানায়, তার শরীরে সাবকিউটেনিয়াস হার্ট মনিটর বসানো হয়েছিল। পরবর্তীতে চিকিৎসকেরা স্বীকার করেন, তার ইসিজি পরীক্ষায় কিছু অস্বাভাবিকতা ধরা পড়েছিল। তবুও সরকারিভাবে দাবি করা হয়, প্রধানমন্ত্রীর হৃদযন্ত্র “সম্পূর্ণ স্বাভাবিক” রয়েছে।

 

সূত্র:  টাইমস অব ইসরায়েল